জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ মে: শুক্রবার থেকে হলদিয়া মেছেদা জাতীয় সড়ক রুটে বাস প্রত্যাহার করল মালিকরা। এদিন সকাল দশটা থেকে সড়কের পাশে জেলাশাসকের অফিসের সামনে বাস দাঁড় করিয়ে প্রতিবাদে নামেন বাস কর্মচারী ও বাস চালকরা। হলদিয়া জাতীয় সড়ক রুটে তমলুকের নিমতৌড়ির কাছে জেলাশাসকের অফিসের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে দেওয়া হয়। অফিস টাইমে এভাবে বাস প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ যাত্রী থেকে অফিস কর্মচারীরা সমস্যার মধ্যে পড়েন।

হলদিয়া- মেছেদা জাতীয় সড়ক রুটে প্রতিদিন ৬০ থেকে ৬৫ টা বাস চলাচল করে। মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শিল্প নগর হলদিয়া যাতায়াত করে বাসগুলি। বহু মানুষ যাতায়াত করেন নিত্য প্রয়োজন ও জীবীকার কারণে। হলদিয়া- মেচেদা জাতীয় সড়ক রুটে কোনো রকম আলোচনা ছাড়াই জেলা পরিবহন দপ্তর থেকে নতুন সময়সূচি ঘোষণা হয়েছে যা বাস চলাচলে আর্থিক দিক থেকে অন্তত ক্ষতিকর। বাস মালিকদের আরও দাবি, তেলের মূল্যবৃদ্ধি সহ যন্ত্রাংশের দাম বাড়ায় এমনিতেই লোকসান হচ্ছে বাস চালিয়ে। এর ওপর নতুন সময়সূচি মেনে বাস চালালে আরও বেশি লোকসান হবে।
এই রুটের বাস চালক ও কর্মী সংগঠনের বক্তব্য, ‘পরিবহন দপ্তর থেকে ঘোষণা হওয়া নতুন সময়সূচি অমানবিক। নতুন সময়সূচিতে ভোর ৩ টে থেকে রাত ১১ টা পর্যন্ত বাস চলাচলের নির্দেশে দেওয়া হয়েছে। যা কোনোভাবেই সম্ভব নয়।

