উত্তর দিনাজপুরে চালু হল বাসপরিষেবা, বেশ কিছু বাসে অতিরিক্ত যাত্রী লক্ষ্য করা গেছে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জুলাই: ৪৫ দিন পর গণপরিবহন ব্যবস্থায় বিধিনিষেধ উঠে যাওয়ায় আজ থেকে সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও চালু হলো সরকারি বেসরকারি বাস মিনিবাস ও অন্যান্য গণপরিবহন। বেসরকারি বাস মিনিবাস পরিষেবা চালু হওয়ায় খুশী পরিবহনের সাথে যুক্ত কর্মী ও মালিক পক্ষ।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের সরকারি ও বেসরকারি বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি, মালদা বালুরঘাট সহ অন্যান্য জায়গার উদ্দেশ্যে রওনা দেয় সমস্ত যানবাহন। বাস পরিষেবা চালু হতেই যাত্রীদের ভিড়ও লক্ষ্য করা যায়। তবে কিছু কিছু বাসে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করলেও বেশকিছু বাসে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

দেড় মাস পরে আজ থেকে শুরু হল যাত্রীবাহী গণপরিবহন ব্যবস্থা। এতদিন ধরে কর্মহীন হয়ে পড়ে থাকা বাসকর্মীরা খুশী তাদের রুজি রুটির ব্যাবস্থা চালু হওয়ায়। বাস চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রমিক ও কর্মীরা। যদিও অস্বাভাবিক হারে ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটায় রাস্তায় বাস চালিয়ে কতটা লাভের মুখ দেখবেন তা নিয়ে সংশয়ে রয়েছেন বেসরকারি বাস ও মিনিবাসের মালিকেরা। এমনিতেই জ্বলানীর খরচ বেড়ে গিয়েছে তার উপর ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো কতদিন সম্ভব হবে তা নিয়েই প্রশ্ন তুলেছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক। তবে বাসগুলো বসে থেকে নষ্ট হওয়ার চেয়ে রাস্তায় নামাতে পেরে খুশী তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *