ভাঙ্গাচোরা, কর্দমাক্ত রাস্তা, প্রতিবাদে বৃষ্টিতে ভিজেই অবরোধ ইসলামপুরে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জুলাই: ভাঙ্গাচোরা, কর্দমাক্ত চলাচলের অযোগ্য রাস্তা, নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, প্রতিবাদে বৃষ্টির মধ্যেই স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা গ্রামে।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, মাটিকুন্ডা গ্রামপঞ্চায়েত সহ পাঁচটি গ্রামপঞ্চায়েতের হাজার হাজার মানুষ ও পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি চলাচল করে। ভাঙ্গচোরা রাস্তার কারনে এই রাজ্য সড়কে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও প্রশাসন সম্পূর্ণ উদাসীন। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।

বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু ভোট পার হওয়ার তিনমাস বাদেও তা আর বাস্তবায়িত হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাটিকুন্ডা, আগডিমটিখন্তি সহ পাঁচটি গ্রামপঞ্চায়েতের কয়েকশো গ্রামের হাজার হাজার মানুষের প্রতিদিনের চলাচলের একমাত্র রাস্তা হল এই রাজ্য সড়ক। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কটি বেহাল হয়ে পড়ে রয়েছে। বিশেষ করে এই বর্ষার সময়ে এই ভাঙ্গচোরা রাস্তায় জল কাদা জমে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা পার করেই গ্রামের সাধারন মানুষকে রোগী নিয়ে সদরে আসা থেকে শুরু করে বাজারহাট, ব্লক সদর, মহকুমা সদরে আসাযাওয়া সহ গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। কিন্তু বেহাল এই রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ কেউ করেনি।

পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং ইসলামপুর মহকুমা প্রশাসনের কাছেও রাস্তা সংস্কারের জন্য বহুবার দরবার করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেউই কোনও উদ্যোগ নেয়নি। এরই প্রতিবাদে এবং গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক সংস্কারের দাবিতে এদিন রাজ্য সড়ক অবরোধ করে দেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের দাবি যতক্ষন না এই রাস্তা মেরামত করা হবে ততক্ষন এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *