সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ মার্চ: তিন দিন ধরে চাষের জমিতে যেতে দেওয়া হচ্ছে না চাষিদের, এমনই অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের। অভিযোগ, সীমান্তে কাঁটাতারের গেট আটকে রেখেছে বিএসএফ। এর ফলে কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হতে বসেছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রামচন্দ্রপুর ভারত- বাংলাদেশ সীমান্তের।

স্থানীয় সূত্রের খবর, ২১ মার্চ এক কৃষককে ১০ টি সোনার বিস্কুট সহ গ্রেফতার করে বিএসএফের ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের রামচন্দ্রপুর বিওপির জওয়ানরা। কৃষকদের অভিযোগ, তারপর থেকে রামচন্দ্রপুর, চড়ুইগাছি ও সুটিয়া গ্রামের কাঁটাতারের পাঁচটি গেট বন্ধ করে রেখেছে বিএসএফ। কৃষকদের কাঁটাতারের গেট পার করে জমিতে যেতে দিচ্ছে না বিএসএফ। এর ফলে কাঁটাতারের ওপারে থাকা কয়েকশো বিঘা জমির ফসল জল না পেয়ে নষ্ট হচ্ছে। গরমের সময় চাষের জমিতে জল না পেয়ে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করে বনগাঁ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারস্থ হয়েছে কৃষকরা।
কৃষক রমেশ মণ্ডল, গোপাল মণ্ডলদের, দাবি, যদি কোনো ব্যক্তি চোরাচালানের সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিক বিএসএফ। কিন্তু আমরা কৃষকরা চাষের জমিতে যেতে পারছি না তিন দিন ধরে। বিঘার পরে বিঘা জমিতে জল না পেলে চাষের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছি আমরা। তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হোক।

কৃষকদের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার চড়ুইগাছি গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন বনগাঁ ব্লকের যুগ্ম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে ব্লক প্রশাসন, তেমনই দাবি করেন যুগ্ম ব্লক ডেভলপমেন্ট অফিসার। যদিও এই বিষয়ে বিএসএফের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

