সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ মার্চ: ২১০ কেজি গাঁজা উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রাওতারা এলাকাতে রাস্তার ধারে একটি ম্যাটাডোর দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ওই গাড়িটির মধ্যে অভিনব কায়দায় গাঁজা সাজানো অবস্থায় ছিল। পুলিশ ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার ২১০ কেজি গাঁজা বারাসত আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে পুলিশের কাছে খবর আসে রাস্তার পাশে একটি ম্যাটাডোর দাঁড়িয়ে। বেশ কয়েক জন ওই গাড়িতেই বসে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছাতেই, পুলিশের গাড়ি দেখে গাঁজা পাচারকারীরা ম্যাটাডোর ছেড়ে পালিয়ে যায়। এরপর ওই গাড়ি সহ গাঁজাগুলি উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে আসে। তবে এই কাজের সঙ্গে যুক্তরা এখনও অধরা, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।


