চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বড়জোড়ার নর্থ কোলিয়ারি কয়লা খনিতে বিস্ফোরণ বন্ধের নির্দেশ বিডিও’র

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৫, ফেব্রুয়ারি: জেলা প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বড়জোড়ার নর্থ কোলিয়ারিতে কোনও প্রকার বিস্ফোরণ ঘটানো যাবে না। আগামী ২ মার্চ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে আজ গ্ৰামবাসীদের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বড়জোড়ার বিডিও সুরজিৎ পন্ডিত। এই সিদ্ধান্ত অনুযায়ী বড়জোড়া নর্থ কোলিয়ারিতে কোনো রকম বিস্ফোরণ ঘটানো যাবে না বলে পিডিসিএল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়।

আজ কোলিয়ারির কর্তা ব্যক্তিদের সাথে মনোহর গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক অলক মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ, জেলা পরিষদের সদস্য টিঙ্কু মন্ডল ও বড়জোড়া থানার আইসি। কোলিয়ারিতে পাথরের আস্তরন ও শক্ত কয়লার চাঙড় ভাঙার জন্য ডিটোনেটর ব্যবহার করতে হয়। ডিটোনেটর বিস্ফোরণ করার সময় মাটিতে যে কম্পন শুরু হয় তাতে কোলিয়ারির পাশে থাকা মনোহর গ্রামের অধিকাংশ বাড়িতে ফাটল ধরেছে। ফাটল এতটাই হয়েছে যে দেওয়াল ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোনো কোনো সময় বিস্ফোরণর ফলে ছাদের সিলিং খসে পড়ছে। অবিলম্বে বিস্ফোরণ বন্ধ করে পুনর্বাসনের দাবিতে গ্রামবাসীরা সোমবার থেকে ধরনা অবস্থানে বসেছেন। সেই কারণে বিডিও মঙ্গলবার আন্দোলনকারী ও কোলিয়ারি কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক ডাকেন।

বিডিও সুরজিৎ পণ্ডিত বলেন, ২৭ ফেব্রুয়ারি জেলায় পুরসভা নির্বাচন।জেলা শাসক তা নিয়ে ব্যস্ত। এই সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসন ব্যবস্থা নেবেন। তাই ২ মার্চের পর জেলা শাসক ফের বৈঠক করবেন। ততদিন ব্লাস্টিং বন্ধ রেখে অন্য উপায়ে কয়লা খননের কাজ করবে পিডিসিএল। গ্রামবাসীদের পক্ষে প্রসেনজিৎ খাঁ ও শুভেন্দু খাঁ বলেন, আমরা শুরু থেকে প্রশাসনের সাথে সব রকম সহযোগিতা করে আসছি। কিন্তু আমাদের দুর্দশার কথায় কেউ কর্ণপাত করেনি। এবার যদি আমাদের দাবি গুলি মানা না হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে।

বিধায়ক অলক মুখার্জি বলেন, গ্রামবাসীদের জন্য আমাদের সরকার সব সময় সহানুভুতিশীল। সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে সুষ্ঠ সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *