উড়ান পিপলস ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ এপ্রিল: করোনা আবহের মধ্যে দ্বিতীয়বার রক্তদান শিবির অনুষ্ঠিত হল উড়ান পিপলস্ ফাউন্ডেশন উদ্যোগে। ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এল মেদিনীপুরের একঝাঁক উদ্যমী তরুণ তরণীকে নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান পিপলস ফাউন্ডেশন। রবিবার সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের শরৎপল্লীতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। কেশপুর ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ৬ জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেন।

শিবিরে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সুমিত মুখার্জি, সভাপতি সম্রাট ঘোষ, সহ-সম্পাদক অর্পণ মুখার্জি, কোষাধ্যক্ষ কল্যাণ রজক সহ অন্যান্যরা। সংস্থার শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শরৎপল্লী নাগরিক কমিটির সম্পাদক রাজু ঘোষ, মর্নি হিরোজের সভাপতি অনির্বান ঘোষ সহ অন্যান্যরা। এদিন রক্ত সংগ্রহ করেন ঘাটাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গত ১৭ জানুয়ারি সংগঠনের উদ্যোগে আরও একটি রক্তদান শিবির মেদিনীপুর কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *