স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ এপ্রিল: রায়গঞ্জে রোড শোয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। তাঁকে ফিরিয়ে আনা হল কলকাতায়।
রায়গঞ্জ শহরের হাজার হাজার ফ্যান তাঁকে দেখতে না পেয়ে কার্যত হতাশ হয়ে বাড়ি ফেরেন। তারকা প্রার্থীকে এনে ভোটের পালে হাওয়া লাগানোর পরিবর্তে দুপুর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত শহরবাসীর ক্ষোভ সামাল দেওয়াই এরপর বিজেপি নেতৃত্বের কাছে মুহুর্তের মধ্যে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গোটা ঘটনাকে নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির মানুষকে ভাঁওতা দেবার ব্যাপারে বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর রায়গঞ্জ শহরে রোড শো করার কথা ছিল দুপুর ৩টে নাগাদ। এদিন বেলা ১টা থেকেই রায়গঞ্জ শহরের রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করে। বিকেল ৩টের মধ্যে শহরের রাস্তায় কার্যত চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টে নাগাদ মিঠুন চক্রবর্তী মালদা থেকে হেলকপ্টারে রায়গঞ্জ শহরে এসে পৌছান। সুদর্শনপুর এলাকা থেকে সুসজ্জিত গাড়িতে প্রার্থীর রোড শো শুরু হয়। কিন্তু শুরুতেই ছন্দপতন। মাত্র ৩০০ মিটার মিছিল যাওয়ার পরেই মিঠুন চক্রবর্তী মিছিল থামিয়ে নেমে গাড়িতে উঠে হেলপ্যাডের দিকে রওনা দেন। জানা গেছে, রোড শো শুরু হওয়ার আগেই তিনি অসুস্থ বোধ করছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি রোড শো শুরু করেন। এরপর প্রচন্ড অসুস্থতা বোধ করায় তিনি শো ছেড়ে চলে যান। পরে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। কিন্তু মিঠুন চক্রবর্তীকে একবার দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু মহাগুরুকে দেখতে না পেয়ে তারা হতাশ হন।
শহরবাসীর বক্তব্য, মিঠুন চক্রবর্তীকে একবার দেখার জন্য আমরা কয়েক ঘন্টা অপেক্ষা করে ছিলাম। কিন্তু তাঁকে দেখতে না পেয়ে আমরা হতাশ হয়ে ফিরে গেলাম।

