ভোট পরবর্তী রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ, আহত ৯

রাজেন রায়, বিধান নগর, ১৮ এপ্রিল: শনিবার ভোটের দিন একাধিক অশান্তির খবর মিলেছিল সল্টলেকের দত্তাবাদ এলাকা থেকে। ভোটপর্বের পরেও একইরকমভাবে অশান্ত রইল ওই বিধানসভা কেন্দ্র। রবিবার সকাল থেকেই ফের অশান্ত হয়ে ওঠে দত্তাবাদ এলাকা।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ১০টা নাগাদ সল্টলেকের ডিয়ার ক্লাবের কাছে ফের নতুন করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। গেরুয়া শিবিরের সদস্যদের অভিযোগ, তাঁদের কয়েকজন কর্মীকে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রতিবাদে বিজেপি সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ালে দু’পক্ষের মধ্যে হাতাহাতির বাধে। বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে একজনের আঘাত বেশি হওয়ায় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থানার সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী সুজিত বসু। তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ভোটের দিন শনিবার রাতেও একই রকম সংঘর্ষ হয়েছিল দত্তাবাদে। পরিস্থিতি সামলাতে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী। সকালের দিকে তাঁরা ফিরে যাওয়ায় ফের অশান্তি চরমে ওঠে। তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। তবে এখনও গন্ডগোলের আশঙ্কায় থমথমে দত্তাবাদ এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *