গোপীবল্লভপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগ রক্তদান শিবির

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ এপ্রিল:
গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে জরুরি ভিত্তিতে এগিয়ে এল গোপীবল্লভপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে রবিবার গোপীবল্লভপুর বর্গিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের এই রক্তদান শিবিরে গোপীবল্লভপুরের মোট ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উন্নত হয়েছে গোপীবল্লভপুরের চিকিৎসা ব্যবস্থা। তৈরি হয়েছে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং তার নিজস্ব ব্লাড ব্যাঙ্ক। যার জন্য এলাকার মানুষকে আর চিকিৎসার জন্য আগের মতো দূর দূরান্তে ছুটতে হয় না। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় কয়েকদিন ধরে রক্তের অভাবে ভুগছিল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে ইচ্ছুক রক্তদাতাদের রক্ত দানের জন্য আবেদন করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এরকম অবস্থায় জরুরি ভিত্তিতে একপ্রকার এগিয়ে এল গোপীবল্লভপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে মাত্র কয়েকদিনের প্রচেষ্টায় হয় রক্তদান শিবির। এদিন শিবির চলাকালীন রক্তদাতাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিএমওএইচ গৌতম সিং এবং বিডিও দেবজ্যোতি পাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *