জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মে:
সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে, গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি। সোমবার অলিগঞ্জে অবস্থিত পূর্ব এরিয়া কমিটির কার্যালয়ে আয়োজিত হয় একটি বড় আকারের রক্তদান শিবির। ২১ জন মহিলা সহ মোট ১৬৫ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি নানা কারণে রক্তদানে আগ্রহী অনেক রক্তদাতা রক্ত দিতে পারেননি।
শিবিরে উপস্থিত সকলকে স্বাগত জানান, এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ। শিবিরের উদ্বোধন করেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নেতৃত্ব কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের প্রান্তিক শাখা। এই শিবির ঘিরে ছাত্র, যুবদের মধ্য বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বড় সংখ্যায় রক্তদাতাদের উপস্থিতিতে রক্তদান শিবিরটি রক্তদান উৎসবের আকার ধারণ করে। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ।

