স্থানীয় সমস্যা সমাধানের দাবিতে ‘আড়ষা থানা ভূমি রক্ষা কমিটি’র পথ অবরোধ

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৯ ডিসেম্বর: নিজেদের উত্তরাধিকার হিসেবে জমির কাগজপত্র ঠিক করা, এলাকায় ধান ক্রয় কেন্দ্র খোলা, পানীয় জলের ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে পথ অবরোধ করে আড়ষা থানা ভূমি রক্ষা কমিটি। অযোধ্যা পাহাড় যাওয়ার রাজ্য সড়ক অবরোধ শুরু করে তারা।

আড়ষা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা বিভিন্নভাবে হয়রানি করছেন একাকার মানুষকে। তারা পয়সা ছাড়া কোনও কাজ করেন না, এমনই অভিযোগে সরব হন তাঁরা। এলাকায় একটি বন্ধ থাকা ধান ক্রয় কেন্দ্র পুনরায় চালু করার দাবি ছাড়াও, এলাকায় পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাঁদের এই সমস্যাগুলির সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।

অবরোধের নেতৃত্ব দেওয়া আড়ষা থানা ভূমি রক্ষা কমিটির চেয়ারম্যান দেবেন্দ্রনাথ মাহাতো বলেন, “এই দাবি প্রশাসনিক সব স্তরেই জানানো হয়েছে। ভ্রুক্ষেপ করেননি সংশ্লিষ্ট আধিকারিকরা। তাঁদের গাফিলতির কারণে সমস্যা প্রকট হয়েছে। স্থানীয় হাজার মানুষ অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা এই রাস্তায় অবরুদ্ধ পর্যটকদের কাছে ক্ষমা প্রার্থী। এছাড়া আমাদের আর উপায় ছিল না।”

এদিকে এই অবরোধের ফলে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা আটকে পড়েন। প্রায় ১০০ পর্যটকের গাড়ি সহ বাস আটকে পড়ে এই অবরোধের জেরে। ঘটনাস্থলে এসে উপস্থিত হন আড়ষা থানার পুলিশ। প্রায় ২ ঘণ্টা চলার পর ঘটনাস্থলে পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। তিনি এসে আন্দোলনকারীদের সাথে কথা বলার পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

সভাধিপতি আন্দোলনকারীদের বলেন, ১৫ দিনের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করবেন। আন্দোলনকারীদের সাথে সহমত পোষণ করে তিনি বলেন, ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক শ্রেণির কর্মচারী রয়েছেন যারা দুর্নীতি করছেন। আমার কাছেও অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *