স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ ডিসেম্বর: চলন্ত ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর রেল স্টেশন এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, শান্তিপুর দুই নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা চন্দ্র পাল বয়স আনুমানিক চল্লিশ বছর। মঙ্গলবার সন্ধেয় ওই ব্যক্তি শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। রাত আটটা নাগাদ শ্বশুর বাড়ি থেকে রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলেন। ঠিক তখনই শান্তিপুর দু’ নম্বর রেলগেটের কাছে আসতেই পিছন থেকে ছুটে আসা ট্রেনকে খেয়াল করতে পারেনি চন্দ্র পাল, এর পরেই ঘটে দুর্ঘটনা। চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন রেললাইনের পাশে। খবর ছড়াতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর রেল পুলিশ। এছাড়াও ছুটে আসে এলাকার লোকজন। তৎক্ষণাৎ শান্তিপুর রেল পুলিশ ও এলাকার বেশ কিছু যুবক শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।

মৃতর শাশুড়ি কল্যাণী বিশ্বাস বলেন, “আমি খবর পেয়ে মেয়েকে নিয়ে ওখানে চলে যাই, গিয়ে দেখি রেল লাইনে পড়ে রয়েছে। মাথা ফেটে রক্ত বেরচ্ছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন মারাগেছে। বাড়ি যাওয়ার জন্য লাইন পার করেই যায়। কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না”। যদিও এলাকার মানুষের একাংশের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় রেললাইনের উপর দিয়ে হাঁটছিল যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যদিও চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এছাড়াও এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

