আবারো নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, মৃত্যু শিশুর, আহত একাধিক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ ডিসেম্বর: আবারও নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই লোকাল বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর, আহত একাধিক ব্যক্তি। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রানাঘাট, শান্তিপুর ও ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি শান্তিপুরের ফুলিয়া পাড়ার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কের।

জানাগেছে, কৃষ্ণনগর- রানাঘাটগামী একটি লোকাল বাস যখন শান্তিপুরের দিকে যাচ্ছিল ঠিক তখনই শান্তিপুরের ফুলিয়ার বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর, আহত হয় একাধিক ব্যক্তি। এছাড়াও বেশ কয়েকজন আশঙ্কাজনক হওয়ায় তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও স্থানীয়দের দাবি, বাসটি অতি দ্রুত গতিতে আসছিল। রাস্তা খারাপ থাকার কারণে চালকের ভুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় বাসটি। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে আসে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *