বিজেপির হাওড়া সদরের সভাপতিকে বহিস্কার

আমাদের ভারত, হাওড়া, ১০ নভেম্বর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিজেপির হাওড়া সদরের জেলা সংগঠনের সভাপতি সুরজিৎ সাহার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব হাওড়ার এই বিজেপি নেতাকে দল থেকে বহিস্কার করেছে এবং ইতিমধ্যেই তাকে চিঠি দিয়ে এই নির্দেশ জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। এদিন হাওড়ায় পুরভোটে দলের জেতা নিয়ে দলের ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি দলের এক নেতার সঙ্গে অরূপ রায়ের ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছিলেন তিনি। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিজেপির হাওড়া সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা। বুধবার তিনি বলেন, নারদা কান্ডে একাধিক তৃণমূল নেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। অথচ বিজেপি নেতাদের বিরুদ্ধে এইরকম কোনও অভিযোগ ওঠেনি। আর তিনি এখন হাওড়ার বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এদিন সুরজিৎ সাহা দাবি করেন, শুভেন্দু অধিকারী হয় প্রমাণ করুন অরূপ রায়ের সঙ্গে হাওড়ার কোনও বিজেপি নেতার ঘনিষ্ঠতা আছে, আর না হলে তিনি নিজেই প্রমান দিন তিনি টাকা নেননি।

এদিকে সুরজিৎ সাহার এই বক্তব্যের পরেই দলের শৃঙ্খলাভঙ্গের জন্য তাকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও বহিস্কৃত বিজেপি নেতার দাবি, এইভাবে দলের একজন নির্বাচিত সভাপতিকে বরখাস্ত করা যায় না। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর বিজেপি করছেন। সুতরাং তাকে বিজেপি থেকে বহিস্কার করলেও তার মন থেকে বিজেপিকে মোছা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *