টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর রাতের অন্ধকারে পুলিশি অভিযানের প্রতিবাদে গোপীবল্লভপুরে পথ অবরোধ বিজেপি যুব মোর্চার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২১ অক্টোবর: টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর রাতের অন্ধকারে পুলিশি অভিযানের প্রতিবাদে গোপীবল্লভপুরে পথ অবরোধে নামল বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় গোপীবল্লভপুর থেকে নয়াগ্ৰাম যাওয়ার ৯ নম্বর রাজ্য সড়কের উপর ফানিয়ামারা চকে অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। বিজেপির এই অবরোধে নেতৃত্ব দেন যুব নেতা সুমন্ত মহান্তি, বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির প্রাক্তন সহ সভাপতি দেবপ্রকাশ দাস, সম্পাদক স্বপন রথ, সৌমেন পতি প্রমুখ।

উল্লেখ্য, নিয়োগের দাবিতে কয়েকদিন আগে থেকে কলকাতার করুনাময়ীতে আমরণ অনশন শুরু করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।পরে বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনকারীদের হঠাতে অভিযানে নামে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী আটক করে সমস্ত চাকরি প্রার্থীদের। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপির এই অবরোধ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *