আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ অক্টোবর: হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহর লাগোয়া বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দেউনিয়া পাড়ায়। মৃত ব্যক্তির নাম নীলকান্ত ওরাও (৬০)।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দেউনিয়া পাড়ার পাশে রয়েছে তিস্তা নদী। কয়েকদিন ধরে বৈকুন্ঠপুর জঙ্গলের গৌরীকোন এলাকায় একদল হাতির আনাগোনা ছিল। মাঝেমধ্যে চরে ও লোকালয়ে ঢুকে পড়ছিল হাতির দল। গতকাল গভীর রাতে হাতি লোকালয়ে চলে আসে। খাবারের সন্ধানে হাতির দল গ্রামে ঢুকে পড়ে। কয়েকটি বাড়ি ভেঙ্গে দেয়। গভীর রাতে হাতির সামনে পড়ে যান নীলকান্ত। পালাতে না পারায় হাতির আক্রমণে মৃত্যু হয় নীলকান্তের।
সঞ্জয় রায় নামে এক বাসিন্দা বলেন, “সন্ধের পর ঘুম চলে যায় হাতির ভয়ে। অনেক হাতি চরে থাকে। সেখান থেকে তাড়ালে লোকালয়ে ঢুকে যায়। একজনের মৃত্যু হয়েছে। আর যেন এরকম ঘটনা না ঘটে বনদফতরকে বলবো প্রয়োজনীয় পদক্ষেপ করতে।”

মৃতের ছেলে ভানু ওরাও বলেন, “হাতির আক্রমণে বাবার মৃত্যু হল। সরকারি সাহায্য ও চাকরি চাই।” বৈকুন্ঠপুর বনবিভাগ বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন,”সরকারি নিয়ম নেমে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে চর এলাকায় হাতির করিডরে বাড়িঘর হয়েছে। এই কারণে হাতির সমস্যা হচ্ছে। সবাইকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।”

