আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২০ মে: ফের খুন এক বিজেপি কর্মী। কোভিড আবহে লকডাউনের মধ্যেই বুধবার রাতে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন এক বিজেপি কর্মী। নাম নির্মল মন্ডল। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মারধরের হাত থেকে ছাড় পাননি তার স্ত্রীও। তাকেও মারা হয়েছে বলে অভিযোগ। লোহার রড দিয়ে তার মাথায়, ঘাড়ে বুকে মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর।
বিজেপির জেলা সভাপতি সুনীপ দাস বলেন, খেয়াদহ এলাকায় সন্ত্রাস চলছে। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙ্গচুর করা হয়। এখানে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। ফের খুন হওযায় এলাকায় উত্তেজনা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে এই বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম বলেন, আইন আইনের পথে চলবে। কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি পাবে বলে জানান তিনি।

