আমাদের ভারত, ২৯ মে: পাঁচ রাজ্যে ঐতিহাসিক জয় পাবে বিজেপি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা ভোট চলাকালীনই আত্মবিশ্বাসী গলায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবল তাই নয়, বিহারের ভোট এবং গুজরাতের পৌরসভা পঞ্চায়েত ভোটের উদাহরণ টেনে তাঁর দাবি, এবার জয়ের হ্যাটট্রিক করবে বিজেপি। ফলাফল প্রকাশের আগেই পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বুধবার উত্তরপ্রদেশে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মোদী। সেখান থেকেই পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি। সেই সময় রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। গণতন্ত্রের উৎসবের এটি গুরুত্বপূর্ণ দিন বলে ব্যাখ্যা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিপুল ভোটদানের খবর আসছে, প্রথম দফার মতই বহু সংখ্যক জনতা ভোটদানের জন্য বাড়ি থেকে বেরচ্ছেন, লম্বা লম্বা লাইনের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। গত ছয় সাত দশকে যা হয়নি। যা কল্পনাও করা যেত না। এবার সেটাই হচ্ছে। ভয় মুক্ত পরিবেশে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। সাধারণ মানুষ ভয় মুক্ত হয়ে ভোট দিচ্ছেন।
পশ্চিমবঙ্গে ভোটদানের হার এবং ভয়মুক্ত পরিবেশে নির্বাচন প্রসঙ্গে মোদী আরো বলেন, এটাই দেশের সংবিধান এবং দেশের মজবুত গণতন্ত্রের পুণ্য প্রতীক। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও সাধারণ জনতাকে মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গের মহান জনতার প্রতি কৃতজ্ঞ যে তারা নিজেদের অধিকার নিয়ে এত সজাগ। তারা বিপুল সংখ্যায় ভোটদান করছেন, এখনো ভোটদান শেষ হতে বেশ কয়েক ঘন্টা বাকি আছে। আমি পশ্চিমবঙ্গের জনতাকে অনুরোধ করবো গণতন্ত্রের এই উৎসবে এমনই উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করুন।
একই সঙ্গে তিনি বলেন, বিহারের ভোটে বিজেপি বিপুল জয় পেয়েছে। ইতিহাস রচনা করেছে। গতকাল গুজরাটে মহানগর, পালিকা, নগর পালিকা, জেলা পঞ্চায়েত, নগর পঞ্চায়েতেও বিজেপি জিতেছে। ৮০ থেকে ৮৫ শতাংশ নগর পালিকা এবং পঞ্চায়েত দখল করেছে বিজেপি। আমি বিশ্বাস করি, পাঁচ রাজ্যের ভোটে ঐতিহাসিক জয়ের হ্যাটট্রিক করবে বিজেপি।
৪ মে’র ফলাফল বিকশিত ভারতের সংকল্প মজবুত করবে। দেশের উন্নয়নের গতিতে নতুন শক্তি দেবে। দেশের দ্রুত বিকাশের জন্য আমাদের দ্রুত আধুনিক পরিকাঠামো তৈরি করতে হবে।

