স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ মার্চ: আগামীকাল ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়া কর্মী সমর্থকদের দখলে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। ট্রেনের কামরায় দলীয় পতাকা লাগিয়ে রায়গঞ্জ থেকে রাধিকাপুর এক্সপ্রেসে রবিবার ব্রিগেডের জনসভায় যোগ দিতে চললেন উত্তর দিনাজপুর জেলার শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক। তবে একেবারে বিনা টিকিটে। আর যাঁরা টিকিট কেটে যাত্রী হিসেবে কলকাতায় কোনও প্রয়োজনীয় কাজে যাচ্ছেন তাঁরা পড়েছেন সমস্যায়। চাপাচাপি গাদাগাদি করে সারারাত জেগেই যেতে হবে তাঁদের। একই দশা আজকের রাতের রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরাগুলোতেও।

রবিবার ব্রিগেডে বিজেপির বিশাল নির্বাচনী জনসভা। সেই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় ব্রিগেডে বিজেপির সেই সমাবেশে যোগ দিতে শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক রায়গঞ্জ থেকে আজই রওনা হচ্ছেন। রায়গঞ্জ স্টেশনে শুধু গেরুয়া ঝান্ডাধারীদের ভীড়। রায়গঞ্জ থেকে কলকাতা গামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে চেপে শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক চলেছেন কলকাতায়। কিন্তু কারও কাছে টিকিট নেই। বিনা টিকিটেই কলকাতা সফর। জিজ্ঞাসা করতেই উত্তর এল বুকে লাগানো মোদীজীর ছবি সহ ব্রিগেড চলো লেখা ব্যাজ আর হাতে বিজেপির ঝান্ডা এটাই তাদের টিকিট। আর মুখে ধ্বনি “জয় শ্রীরাম”।

