আমাদের ভারত, ৬ এপ্রিল: ভোট শুরু হওয়ার আগে থেকেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা। গতকাল রাতে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত দক্ষিণ বেলেগাছি এলাকায় তৃণমূল দুষ্কৃতীর হামলা চালায় বলে অভিযোগ। তারা গ্রামবাসীদের মারধর করে। তারা যদি ভোট দিতে যায় তাহলে তাদের মেরে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়। সারারাত ধরে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি ও গুলি।

ভয়ে অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে যান। কেউ বাগানে তো কেউ ধানখেতে সারারাত লুকিয়ে ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন তাঁদের কোনও ভাবে সাহায্য করেনি।
ঘটনায় অন্তত ছয় জন গুরুতর জখম হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ন’টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী এলাকার মানুষকে ভোট দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
এই বিধানসভায় জানালা খোলা অবস্থায় ভোট শুরু হয়। বারুইপুর পূর্ব ৮৯-৯০ নম্বর বুথের এই ঘটনা। জানালার বাইরে থেকে ভোট দেওয়ার ছবি অনায়াসেই দেখা যায়।
জানালার বাইরে থেকে কাকে ভোট দিচ্ছে তা স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর কেন্দ্রীয় বাহিনী বাধা দেয়। প্রিসাইডিং অফিসারের সাফাই আলো কম ছিল তাই জানালা খুলে রাখা হয়েছিল।
ফলতা বিধানসভার মল্লিকপুর, গোপালপুর, হরিণডাঙ্গা এক নম্বর ব্লক এ ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধান সভার অন্তর্গত আমগাছিয়া অঞ্চলের ১৩৯ বুথে বিজেপি পোলিং এজেন্টদের মারধোর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
ভোট শুরুর আগেই হিংসা ছড়ায় ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হিনচে খালি গ্রামে। গণেশ কেউট নামে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ভোট শুরুর আগেই উত্তেজনা ছড়িয়েছে ক্যানিং এলাকায়। ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নং বুথে আইএফ সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে তৃণমূল এবং আইএফ দুপক্ষের সর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।
বাসন্তী বিধানসভা এলাকার হেদিয়াতে বোমা, গুলি চলার অভিযোগ। এলাকায় উত্তেজনা। বিজেপি কর্মীদের ফ্ল্যাগ, পোস্টার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল, বোমার সুতুলি।

