আমাদের ভারত, হাওড়া, ৬ এপ্রিল: ভোটের আগের দিন রাতে উলুবেড়িয়ায় এক তৃণমূল নেতার বাড়িতে তিনটি ইভিএম এবং ভিভিপাট নিয়ে পৌছে গেলেন এক সেক্টর অফিসার। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এবং আধাসামরিক বাহিনী গিয়ে সেগুলি উদ্ধার করে। ওই সেক্টর অফিসার কে সাসপেন্ড করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

জানা গেছে গতকাল রাত ২টো নাগাদ সেক্টর অফিসার তিনটি ইভিএম এবং দুই সহকারীকে নিয়ে তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে যান। গাড়ি থেকে সেগুলো নামানোর সময় লোকজনের নজরে আসে। এরপর এই এলাকার মানুষ তৃণমূল নেতার বাড়ি গিয়ে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
ঘটনা জানাজানি হতেই সেক্টর অফিসার নিজের সাফাই দিয়ে বলেন, সারাদিন কাজ করতে করতে দেরি হয়ে যায়, দ গিয়ে দেখেন গিয়ে দেখেন সেক্টার অফিস তালা বন্ধ হয়ে গেছে। তাঁর যাবি সেইসময় অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার বলেন, তার এক আত্মীয়ের বাড়ি গিয়ে থাকতে পারেন। সেই মতো তিনি এখানে এসেছেন।

অথচ তৃণমূল নেতা গৌতম ঘোষ অন্য কথা জানিয়েছেন। তিনি জানান, রাত আটটার সময় ওই সেক্টর অফিসার তাঁকে ফোন করে জানিয়েছিলেন আজ তার বাড়িতে থাকবেন। সেইমতো খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু তিনি যখন দেখতে পারেন ইভিএম নিয়ে তাঁর বাড়িতে এসেছেন, তখন তিনি তা রাখতে অস্বীকার করেন। কিন্তু ততক্ষণে গোটা ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সে ক্ষেত্রে সেক্টর অফিসার কে সাসপেন্ড করার মত, পুলিশের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারে বলে জানা গেছে।

