সাথী দাস, পুরুলিয়া, ২৭ এপ্রিল: পুরুলিয়ায় অভ্যর্থনায় পরিতৃপ্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি হয়ে প্রথমবার এলেন পুরুলিয়ায়। চড়া রোদের মধ্যেই তাঁকে ঘিরে উন্মাদনা দেখা গেল গেরুয়া শিবিরে। উচ্ছ্বাস দেখা গেল কার্যকর্তা ও কর্মীদের মধ্যে। পুরুলিয়ায় দলীয় মিছিলে যোগ দেন রাজ্য সভাপতি। শুরুতেই তাঁর সঙ্গে সাধারণ কর্মীদের ছাপিয়ে কার্যকর্তাদের সেলফি তুলতে দেখা গিয়েছে। বেশ কয়েকটি জেলায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এলেও পুরুলিয়ায় খানিকটা ব্যতিক্রম। তাঁকে স্বস্তি দিল পুরুলিয়া। শুধু ছয় বিধায়ক অনুপস্থিত থাকায় বিতর্ক সৃষ্টি হয়। তা ছাড়া কর্মীদের উচ্ছ্বাস দেখে অভিভূত হন গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপির সভাপতি।
এদিন কর্মীদের উদ্দেশ্যে উচ্ছ্বসিত সুকান্ত মজুমদার বলেন, “আমার দেব তুল্য কর্মীদের ধন্যবাদ জানাই। এই প্রখর রোদে তাঁরা এই মিছিলে যোগ দিয়েছেন তাই তাঁদের প্রতি কৃতজ্ঞ।”
মিছিল শেষে সন্ধ্যে সাতটায় বিশেষ সাংগঠনিক বৈঠক করেন তিনি। দলের আগামীদিনের কর্মসূচি ও দলের অনুশাসন নিয়ে বার্তা দেন তিনি।

