পেট্রোল ও ডিজেলের উপর রাজ্যের এক্তিয়ারভুক্ত কর কমানোর দাবিতে রায়গঞ্জের ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ নভেম্বর: পেট্রোল ও ডিজেলের উপর রাজ্যের এক্তিয়ারভুক্ত কর কমানোর দাবিতে শুক্রবার রায়গঞ্জের ঘড়ির মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। এরই পরিপ্রেক্ষিতে এদিন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর উপস্থিতিতে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে যোগ দেন দলের নেতা কর্মীরা। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা হাজির ছিলেন এদিনের এই কর্মসূচিতে।

এদিন দেবশ্রী চৌধুরী বলেন, দেশের অন্যান্য রাজ্যের সরকার সাধারণ মানুষের ঘাড় থেকে মূল্য বৃদ্ধির বোঝা কিছুটা লাঘব করার উদ্দেশ্যে পেট্রোল ও ডিজেলের উপর থেকে তাদের এক্তিয়ার ভুক্ত কর কমানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অথচ তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সেই পথে এখনও পা বাড়ায়নি। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

অন্যদিকে কোচবিহারের সিতাইয়ের বিএসএফের গুলি চালানো প্রসঙ্গে তিনি বলেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেটা স্পর্শকাতর অভিযোগ। যা দেশের দিকে আঙুল তোলার মতো। তবে বিএসএফের এলাকা বাড়ানোর ব্যাপারে তিনি সীমান্তবর্তী এলাকার মানুষজন আরও সুরক্ষিত থাকবে বলেই দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *