জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল: ঝিমিয়ে পড়া সংগঠন শক্তিশালী করার জন্য রাজ্যজুড়ে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনের পর নানা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হচ্ছে বিজেপি। এছাড়াও নানা গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত দল। এর ফলে নীচুতলার কর্মীরা হতাশ হয়ে পড়েছে। কেউবা বসে গিয়েছে। সেই ঝিমিয়ে পড়া সংগঠন চাঙ্গা করতে দলীয় নির্দেশ অনুযায়ী আজ রাজ্য সরকারের নানা জনস্বার্থবিরোধী কাজ, আইন শৃঙ্খলার অবনতি, চতুর্দিকে ধর্ষণ, খুন, রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বেকার যুবকদের চাকরির দাবিতে পথে নেমে আন্দোলন করতে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হয়।

মিছিলটি শহরের জর্জকোর্ট সংলগ্ন টিভি টাওয়ার মাঠ থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে কালেক্টরেট মোড়ে শেষ হয়। নেতৃত্ব দেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সহ সভাপতি সমিত দাস, জেলা নেতৃত্ব অরূপ দাস, আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

