জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জানুয়ারি: পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় আটকে সভা বাতিল করে দেওয়ার ঘটনার প্রতিবাদে খড়্গপুর শহরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করলেন বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার সদস্যরা। শহরের কৌশল্যা মোড় এলাকায় মোমবাতি জ্বালিয়ে মিছিলে অংশগ্রহণ করেন খড়গপুর সদর বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মী সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্র, রাজ্য বিজেপির সহ সভাপতি শমিত দাস, রাজ্য সম্পাদক তুষার চ্যাটার্জি সহ খড়্গপুর শহর বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃরা।

তাপস মিশ্র বলেন, পঞ্জাব সরকারের চক্রান্তের ফলে দেশের প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাকে বাধা দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। প্রধানমন্ত্রী কোথাও যাওয়ার সময় রুট প্রকাশ করা হয় না। কিন্তু পঞ্জাবের কংগ্রেস সরকার সেই রুট প্রকাশ করে দেয়। এর ফলে খালিস্তানি উগ্রপন্থীদের দ্বারা প্রধানমন্ত্রীর জীবনহানির সম্ভাবনা ছিল। পাঞ্জাবের কংগ্রেস সরকার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ওই সরকারের নক্কারজনক ভূমিকার প্রতিবাদে আজ আমরা বিজেপি কর্মীরা করোনা সংশয় উপেক্ষা করে ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি।

