পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর প্রতিবাদে হাওড়ায় পথে নামল যুব মোর্চার কর্মীরা

আমাদের ভারত, হাওড়া, ৬ জানুয়ারি: গতকাল পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকানো নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর প্রতিবাদে পথে নামল ভারতীয় যুব মোর্চার কর্মীরা। আজ সন্ধ্যায় যুব মোর্চার কর্মীরা মধ্য হাওড়ার পঞ্চানন তলা বিজেপি পার্টি অফিস থেকে হাওড়া ময়দানের ফাঁসিতলা পর্যন্ত মোমবাতি মিছিল করেন। এই মিছিলে প্রায় ১০০ জন বিজেপি কর্মী অংশ নেন।

ভারতীয় যুব মোর্চার হাওড়া সদরের সভাপতি ওমপ্রকাশ সিংহ অভিযোগ করেন, পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর পেছনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দায়ী। তিনি আরো অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস যেভাবে সিবিআই, প্রধানমন্ত্রী এবং আদালতের বিরোধিতা করছে তাতেই পঞ্জাবের ঘটনা ঘটেছে। এর জন্য তৃণমূলের উস্কানি দায়ী।

বিজেপির এই অভিযোগকে কটাক্ষ করেছেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বিজেপি স্বীকার করছে তৃণমূল কংগ্রেস এখন প্রধান বিরোধী দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা নিয়ে পঞ্জাবের মানুষ সহমত প্রকাশ করে প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *