মাস্ক নিয়ে কড়াকড়ি শুরু উলুবেড়িয়ায়, গ্রেফতার ১৯

আমাদের ভারত, হাওড়া, ৬ জানুয়ারি: বৃহস্পতিবার থেকে উলুবেড়িয়া শহরে মাস্ক নিয়ে কড়াকড়ি শুরু হবে। বুধবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনের প্রশাসনিক বৈঠক থেকে মাস্কহীন মানুষদের উদ্দ্যেশে এই বার্তা দিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। আর তারপরেই বৃহস্পতিবার দুপুরে মাস্ক না পরে রাস্তায় বের হওয়া মানুষদের বিরুদ্ধে অভিযানে নামল উলুবেড়িয়া থানার পুলিশ। ফল মিলল। গ্রেফতার হল ১৯ জন। পুলিশ প্রশাসন সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি উলুবেড়িয়া পুরসভা এলাকাতেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুধবার পুরসভা এলাকায় ৩১ জন করোনায় আক্রান্ত থাকলেও বৃহস্পতিবার সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৬। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে ৩৮ জন হোম আইসোলেশনে থাকলেও বাকি সকলে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে করোনা সংক্রমণ রোধে বুধবার প্রশাসনিক বৈঠক থেকে মাস্ক পরার উপর জোর দেওয়া হলেও বৃহস্পতিবার যথারীতি একশ্রেণির মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বের হয়। এমনকি টোটো অটো চালকদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও এদিন অনেক চালককেই মাস্ক ছাড়াই গাড়ি চালাতে দেখা গেল। আর মানুষের এই উদাসীনতা দূর করতে দুপুরে অভিযানে নামলো পুলিশ। মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য পুলিশ গ্রেফতার করল ১৯ জনকে। যদিও প্রত্যেকেই নানা অজুহাতে রেহাই পেতে চাইলেও পুলিশ কাউকে ছাড়েনি। পুলিশ আধিকারিকদের বক্তব্য, এতদিন মাস্ক পরা নিয়ে মানুষকে সচেতন করা হয়েছে। আর এবার পুলিশ মাস্ক না পরা মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *