BJP, Bangaon, বনগাঁ পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবি, বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ আগস্ট: বনগাঁ পৌরসভার বিভিন্ন কাজ ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব হলো ভারতীয় জনতা পার্টি। বুধবার বনগাঁ পৌরসভার সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং গ্রেফতারের দাবি জানানো হয়।

বিজেপির অভিযোগ, সরকারি জমি ব্যবহার, আবাস যোজনা, নিউ মার্কেটের ঘর, বস্ত্র হাট, জল প্রকল্প ও হাউস ফর অল প্রকল্পের অর্থসহ পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। তাদের দাবি, প্রতিটি বিষয়ের নথিপত্র খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগের তালিকায় রয়েছে, পুল সাইড এলাকায় সরকারি জায়গায় পুকুর ভরাট করে নির্মাণ এবং পৌরসভার সঙ্গে ৯৯ বছরের চুক্তির বিষয়টি। পাশাপাশি বনগাঁ শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি গ্রামাঞ্চলে কীভাবে নির্মিত হলো এবং ৫০০-র বেশি আবাস যোজনার বাড়ির হিসাব নিয়ে ওঠা প্রশ্নেরও তদন্ত দাবি করা হয়েছে। এছাড়াও বনগাঁ পৌরসভার অধীন নিউ মার্কেটে কার নামে কতগুলি ঘর রয়েছে এবং কত টাকার বিনিময়ে সেগুলি দেওয়া হয়েছে, সাহেবের বাড়ির জায়গায় বসা বস্ত্র হাটের ঘরের ভাড়া ও লেনদেন, এবং ‘হাউস ফর অল’ ও জল প্রকল্পের ৯৯ কোটি টাকা কিভাবে পৌরসভার অ্যাকাউন্টে এলো ও কোন খাতে খরচ হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিজেপি। এর পাশাপাশি শিমুলতলার হারাধন আচার্য কমিউনিটি হলের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায়ের নামে করা, অভিকন্যা পার্কের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার দাবিও জানানো হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিটি স্ক্যান ও ডায়ালাইসিস পরিষেবা পুনরায় চালু এবং পৌরসভার স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা চালুর দাবিও তোলা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি নেতা শোভন বৈদ্য বলেন, “বনগাঁ পৌরসভার বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও গ্রেফতার করতে হবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলির দ্রুত তদন্ত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

যদিও বিজেপির তোলা অভিযোগগুলির বিষয়ে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *