আর্থিক অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বেহাল স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৮ মে: আর্থিক অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বেহাল স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগ তুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখালো বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক শাখার নেতা, কর্মী ও সমর্থকরা। বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

আনন্দময় বর্মন অভিযোগ করে বলেন, “কোভিডের সময়ে কয়েক কোটি টাকা পেয়েছিল মেডিকেল। কিন্তু ওই টাকা তৃণমূলের সিণ্ডিকেটের মাধ্যমে কাজ হওয়ায় কোনো উন্নয়নই হয়নি। এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য দেড় হাজার কোটি টাকা দিলেও গত পাঁচ বছরে কোনো কাজ হয়নি। রাজ্য নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করতে হবে। তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে।”

অন্যদিকে শঙ্কর ঘোষ বলেন, “প্রথমে বিশ্ববিদ্যালয়, এখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল৷ স্বাস্থ্য থেকে শিক্ষা আমরা প্রত্যেক সরকারি দপ্তরের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করব। যেখানে দুর্নীতি হবে সেখানেই আমরা আন্দোলন করব।”

হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, “পরিষেবা পাই দেখেই বিক্ষোভ আর অভিযোগ। এই ধরণের অভিযোগ আসলে পরিষেবা উন্নত হয়। আর বর্তমানে হাসপাতালে দু’একটা বিভাগ ছাড়া সেরকম কোথাও খামতি বা চিকিৎসক শূন্য নেই। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *