বেলডাঙায় সংকীর্তনে বাধা-হামলা, কালিয়াচকের আইসির হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করার প্রতিবাদে রাস্তা অবরোধ সিংহবাহিনীর

আমাদের ভারত, ১৮ মে: রাজ্যে পর পর হিন্দুদের উপর আক্রমণ ও জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ সামনে উঠে এসেছে। দুটি পৃথক ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গের অন্যতম হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর কর্মী সমর্থকরা এই দুই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে।

মুর্শিদাবাদে কালিতলা বেলডাঙায় হিন্দুদের নগর সংকীর্তনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় মুসলমান সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে। মসজিদের সামনে দিয়ে কীর্তন যাত্রা না নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। কীর্তন যাত্রীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। পুরো ঘটনা পুলিশের সামনে ঘটলেও তারা কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে একটা বড় অংশের নেটাগরিকরা ঘটনার সমালোচনায় মুখর হন।

অন্যদিকে মালদার কালিয়াচক থানার আইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ওই এলাকার অসহায় হিন্দুদের বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করছেন তিনি। জেলে ভরে দেওয়ার ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। এর প্রতিবাদে ওই অসহায় হিন্দু পরিবারের মহিলা ও শিশুরা হাতে প্ল্যাকার্ড নিয়ে কালিয়াচকের রাস্তায় বসেন। ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকেই।

পর পর রাজ্যে হিন্দুদের উপর এই নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদে মুখর হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনী। নদিয়ার শান্তিপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে সিংহবাহিনীর কার্যকর্তারা। তাদের দাবি, বেলডাঙার ঘটনায় জড়িতদের ও কালিয়াচক থানার আইসিকে উপযুক্ত সাজাও দিতে হবে। নাহলে সিংহবাহিনী লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *