আমাদের ভারত, দার্জিলিং, ১৮ মে: পাহাড়ের মানুষের আবেগ নিয়ে খেলেছে বিজেপি। তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। পাহাড় সমস্যার সমাধান নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। এই অভিযোগেই বুধবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ। দলের সভাপতি এসপি শর্মা বলেন, “কালিম্পং জেলাতেই বিজেপি নেতারা বেশি থাকে তাই আমরা এখানে মিছিল করলাম। নেতা-কর্মীদের বাড়ির সামনে অমিত শাহের কুশপুত্তলিকায় জুতোর মালা পড়ানো হলো।”
ক্ষমতায় আসার আগে বিজেপি নেতারা পাহাড়ে কথা দিয়েছিল তারা এখানকার সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করবেন। পাহাড়ের উন্নয়নে তারা প্রচুর কাজ করবেন। পর্যটনের মানচিত্রে পাহাড়কে বিশ্বের দরবারে পৌঁছে দেবে। কিন্তু অভিযোগ, এসব খালি স্বপ্ন, আখেরে কোনও কাজ তারা করেনি। তাই পাহাড়ের নতুন দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের দাবি, কেন্দ্র সরকার পাহাড় নিয়ে তার মত স্পষ্ট করুক। এই দাবি নিয়েই কালিম্পং শহরে বিক্ষোভে সামিল হয় ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সদস্যরা। বুধবার কালিম্পং শহরে বিভিন্ন এলাকায় অমিত শাহর কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ দেখায় তারা। প্রসঙ্গত, বেশকয়েক দিন আগে শিলিগুড়িতে দলের নেতা এসপি শর্মা পাহাড় নিয়ে বিজেপির সিদ্ধান্ত স্পষ্ট করার দাবি তোলেন।
পাশাপাশি ওইদিন এসপি শর্মা জানান, ১৫ তারিখের মধ্যে কেন্দ্রের শাসক দল পাহাড় নিয়ে তাদের সিদ্ধান্ত না জানালে পাহাড়, তরাই- ডুয়ার্সের পাশাপাশি সমতলে অমিত শাহর কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ জানানো হবে। সেই মত এদিন কালিম্পং জেলা শহরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি তিনি বলেন, “জিটিএ চরম ব্যর্থ পাহাড়ে। তবুও রাজ্য সরকার নির্বাচন করাতে চাইছে। আমার মনে এটা অর্থহীন। আবার বিজেপির সাংসদ, বিধায়করা পাহাড়ে কোনও কাজ করছে না। তাই তারা জিটিএও চাইছে না। আমাদের দাবি জিটিএ তো রাজ্য সরকারের কিন্তু কেন্দ্র কি কাজ করল। অমিত শাহ যে চেয়ারে বসে আছেন উনি চাইলেই পাহাড় সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু কোনও উদ্যোগ নিলেন না। তার পরেও বিজেপি পাহাড়ে আবার ভোট চাইতে আসবে কি করে? আমাদের এই আন্দোলন চলতে থাকবে।”

