স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ এপ্রিল: সাতদিন পর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকায় পৌছলেন রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবার দুপুরে ইসলামপুর ব্লকের কুন্দরগাঁও এলাকায় তিনি যান এবং সেখানে কিছু পরিবারকে ছয়টি করে ঘরের টিন বিতরণ করেন। পর্যাপ্ত পরিমাণ টিন না থাকায় অনেককে খালি হাতে ফিরতে হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল রবিবার ইসলামপুর ব্লকের বেশ কিছু এলাকায় আছড়ে পরে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে তছনছ হয়ে যায় কয়েক হাজার ঘর বাড়ি। বাদ যায়নি জমির ফসলও। তবে এতদিন কেটে যাওয়ার পর রবিবার দুপুরে এলাকায় দেখা যায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। বেশ কিছু পরিবারকে ঘরের টিন তুলে দেন তিনি। পর্যাপ্ত পরিমাণ টিন না থাকায় অনেককে খালি হাতে ফিরতে হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তাদের আরও অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও সরকারি ভাবে একটি ত্রিপল ছাড়া আর কোনো সরকারি সাহায্য পাননি। এমনকি গ্রামের বাড়ি ঘর দেখানোর জন্য রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে বলা হলে তিনি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যান বলে অভিযোগ। তবে যারা আজ টিন পাননি তারা আদৌ ঘরের টিন পাবেন কিনা সেই আশঙ্কায় রয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি।

অন্যদিকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দিল্লির সংসদ শেষ হওয়ার পর তিনি ভোট প্রচারে আসানসোল গিয়েছিলেন। আসানসোল থেকে ফিরে রায়গঞ্জের ট্রেন ও বাগডোগরা বিমানবন্দর বন্ধ থাকার কারণে পৌঁছাতে পারেননি। তবে শুরু থেকেই দলের নেতৃত্বরা সরেজমিনে ছিলেন বলে জানান তিনি। তবে ক্ষতিপূরণের জন্য জেলাশাসক ও মহকুমা শাসককে বলা হয়েছে বলে দাবি করেন তিনি।

