BJP, Midnapur, মেদিনীপুরে বিজেপি মহিলা মোর্চার ‘অন্নপূর্ণা অভিনন্দন’ মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ‘অন্নপূর্ণা অভিনন্দন’ মিছিল। বুধবার বিকেলে সিপাই বাজার এলাকায় অবস্থিত বিজেপির পূর্বতন জেলা পার্টি অফিসের সামনে থেকে এই মিছিলের সূচনা হয়। পরে মিছিলটি মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে।

সুসজ্জিত এই মিছিলে বিজেপি মহিলা মোর্চার কর্মী- সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলের অগ্রভাগে থাকা মহিলাদের প্রত্যেকের হাতেই দেখা যায় ‘অন্নপূর্ণা ভান্ডার’ লেখা ভাঁড় ও হাঁড়ি। অভিনব এই প্রতীকী উপস্থাপনার মাধ্যমে রাজ্য সরকারের জনকল্যাণ মূলক প্রকল্প এবং তার প্রতিশ্রুতি নিয়ে বার্তা দেওয়া হয়।

মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ণের বিষয়টিও তুলে ধরা হয়। মহিলা মোর্চার কর্মী- সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার দাবি জানান।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী সম্পা মণ্ডল, পারিজাত সেনগুপ্ত- সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও মহিলা মোর্চার কর্মী- সমর্থকরা। মিছিলকে ঘিরে মেদিনীপুর শহরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *