তালিকা তৈরি বিজেপির! তারকা বা হেভিওয়েট নয়, দলের একনিষ্ঠ কর্মী, শহিদ পরিবারের সদস্য কলকাতা পুরভোটের প্রার্থী

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২৮ নভেম্বর:
কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পদ্ম শিবিরের। শনিবার দলের দুই সাংগঠনিক জেলা উত্তর ও দক্ষিণ কলকাতার কমিটির পক্ষে ওয়ার্ড অনুযায়ী তালিকা জমা দেওয়া হয়। রবিবার সেই তালিকা নিয়ে বৈঠকে বসেন রাজ্য নেতৃত্ব। সারাদিন আলোচনার পর ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীর নাম বিজেপি শিবির চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে। সোমবার দুপুর নাগাদ সেই তালিকা প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর।

দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য নেতৃত্বকে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রবিবার হেস্টিংসের দপ্তরে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বসেছিলেন বলে জানা গেছে। বৈঠকে ছিলেন দলের রাজ্য সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী। জানা গেছে, প্রতিটি ওয়ার্ড ধরেই আলোচনা হয়েছে। এলাকায় ভালো পরিচিতি রয়েছে এবং দলের কাজে নিয়মিত এমন কর্মীকেই প্রার্থী করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে।‌ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সহ অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিতে এসেছে এমন কয়েকজন প্রার্থী তালিকায় জায়গা পেলও বেশিরভাগ ক্ষেত্রেই দলের পুরোনো কর্মীরা প্রাধান্য পেয়েছেন। সূত্রের খবর দলের হেভিওয়েটদের প্রার্থী না করার সিদ্ধান্ত হয়েছে।

বিধানসভা নির্বাচনে অনেকে বিজেপিতে যোগ দিয়েই ভোটে লড়ার সুযোগ পেয়েছিলেন, এই নিয়ে দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।‌ যারা সেই সময় টিকিট পেয়েছিলেন তাদের “তৎকাল বিজেপি” বলে দলের ভেতরে-বাইরে সমালোচনা হয়েছিল। সেইসব মাথায় রেখেই পুরভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক রয়েছেন এবারে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর তৃণমূলের তালিকায় জায়গা না পাওয়া কয়েকজন প্রার্থী হওয়ার জন্য যোগাযোগ করলেও বিজেপি তাকে গুরুত্ব দেয়নি। দলের জেলা ও মন্ডল স্তরের কর্মীদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়াও পুরভোটে শহীদ পরিবারের সদস্যদের বেশি করে প্রার্থী করতে পারে বিজেপি বলে খবর। কলকাতা পুরোসভাতেও তার ব্যতিক্রম হবে না। কলকাতার ৩১ নম্বর ওয়ার্ডে কাঁকুড়গাছিতে প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ সরকার। তিনি কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা।

এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ ও সংঘের ঘনিষ্ঠ কয়েকজনকে প্রার্থী করতে পারে বিজেপি, বলে খবর।

রাজ্যের সব পুরসভাতে একসঙ্গে ভোটের দাবিতে আদালতে গিয়েছিল বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে। সেখানে বড় কিছু ঘোষণার আশা না করলেও পদ্ম শিবির চাইছে আদালতের বক্তব্য শোনার পরই প্রার্থীদের নাম ঘোষণা করতে। ফলে সোমবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *