ঘরে ফেরা নেতাদের ওপর নজরদারির নির্দেশ মানস ভুঁইঞার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ নভেম্বর: দল ছেড়ে যাওয়া যেসব নেতা কর্মী বিধানসভা নির্বাচনের ফলাফলে হতাশ হওয়ার পর ফের ফিরে আসতে চাইছেন তাদের উপর নজরদারি চালানোর বার্তা দিলেন মন্ত্রী মানস ভুঁইঞা। পিংলায় সাংগঠনিক বৈঠকে এই নির্দেশ দেন মানস ভুঁইঞা। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি। বৈঠকে পিংলা বিধানসভা এলাকার পঞ্চায়েতগুলির প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও দলের ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সেই বৈঠকে কর্মীদের প্রত্যেকের বাড়িতে দলীয় পতাকা লাগিয়ে মন দিয়ে দলের কাজ করার নির্দেশ দেন মানস ভুঁইঞা। দলীয় নেতা-কর্মীদের তিনি এদিন প্রত্যেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানোরও পরামর্শ দিয়ে দলের প্রতি ভালোবাসা পরীক্ষা করার ইচ্ছা প্রকাশ করেন। এর পরেই তিনি বলেন, যারা বলেছিল পশ্চিম মেদিনীপুরে মানস ভুঁইঞা ও অজিত মাইতি হেরে যাবেন এবং জেলায় মাত্র তিনটে আসন পাবে তৃণমূল, তারা এখন লোকজন নিয়ে আবার ফিরে এসেছে। তাদের উপর আমাদের নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *