বিজেপি প্রধান উপপ্রধান সহ তৃণমূলে যোগদান নয়াগ্রামে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ মে: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান পর্বে বালিগেড়িয়া ১০ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সুস্মিতা প্রধান, উপপ্রধান ক্ষুদিরাম মুর্ম্মু, পঞ্চায়েত সদস্য মধু টুডু (পাঁচগাছিয়া) ও ফাগুন বেশ্রা
(নেগুড়িয়া) সহ বেশ কিছু স্থানীয় বিজেপি নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন। যোগদানের পর তারা দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মযজ্ঞে সামিল হতে এই স্বতস্ফূর্ত যোগদান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা
নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীজীব সুন্দর দাস সহ দলের অন্যান্য নেতারা। প্রত্যেক নবাগত সদস্য সদস্যাদের আন্তরিক স্বাগত জানান বিধায়ক দুলাল মুর্মু।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েতের ১১টি আসনের মধ্যে বিজেপি ৯ টি ও তৃণমূল কংগ্রেস ২ টি আসনে জয় লাভ করেছিল। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতটি দখল করে বিজেপি। তবে বুধবার বিজেপির প্রধান, উপপ্রধান সহ মোট চারজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের দুই থেকে বেড়ে ছয় জন হয় এবং বিজেপির ৯ থেকে ৪ কমে হয় পাঁচ জন। যার ফলে ওই অঞ্চলটি বিজেপির হাত ছাড়া হল এবং ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *