মন্ত্রী পুলক রায়ের উদ্যেগে আশা কর্মীদের দেওয়া হল ৫০০ পালস অক্সিমিটার

আমাদের ভারত, হাওড়া, ২০ মে: করোনা সংক্রমণ কমাতে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে মানুষের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন আশা কর্মীরা। আর এবার এইসব আশা কর্মীদের হাতে পালস অক্সিমিটার তুলে দিলেন রাজ্যের জন স্বাস্থ্য দফতরের মন্ত্রী পুলক রায়‌। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে মন্ত্রী পুলক রায় শ্যামপুর ১ নং ব্লকের আশা কর্মীদের জন্য ১৭৫ টি, উলুবেড়িয়া ১ নং ব্লকের আশা কর্মীদের জন্য ১৭৫ টি এবং উলুবেড়িয়া পুর এলাকার আশা কর্মীদের জন্য ১৫০টি পালস অক্সিমিটার দেন।

হাওড়া গ্রামীণ এলাকায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও সংক্রমণ কমানো সম্ভব হচ্ছে না। আর কিভাবে এই সংক্রমণের গ্রাফকে নিম্নমুখী করা যায় সেই নিয়ে বৃহস্পতিবার উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে এই বৈঠক করেন মন্ত্রী পুলক রায়। এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়া ১ নং ব্লক ও শ্যামপুর ১ নং ব্লকের স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। এদিনের এই বৈঠকে মন্ত্রী ব্লক সহ পুর এলাকার করোনা পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি সেফ হোম, করোনা পরীক্ষা, স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো, ওষুধের খোঁজ খবর নেন। এর পাশাপাশি করোনা মোকাবিলায় এদিন মন্ত্রী বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেন।

পালস অক্সিমিটার দেওয়া প্রসঙ্গে মন্ত্রী পুলক রায় বলেন, যেহেতু আশা কর্মীরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছেন সেই কারণে এই ধরনের একটা জিনিষ ওদের কাছে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই আশা কর্মীদের হাতে এই পালস অক্সিমিটার দেওয়া হল। তিনি জানান, বৃহস্পতিবার প্রাথমিকভাবে ৫০০টি দেওয়া হয়েছে। আগামীদিনে হাওড়া গ্রামীণ এলাকার বিভিন্ন ব্লকের আশা কর্মীদের হাতে এই পালস অক্সিমিটার তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *