নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ মে:
লকডাউন ডাকা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, লকডাউন করতে রাজ্য সরকার অনেক দেরি করেছে। ভোটপূর্ব মিটতেই লকডাউন করা উচিত ছিল রাজ্য সরকারের।
প্রসঙ্গত, ক্ষমতায় বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন লকডাউনের পক্ষে তার সরকার নয়। লকডাউন হলে রাজ্যের মানুষের রুটিরুজি বন্ধ হয়ে যায়। প্রচুর মানুষের আর্থিক অনটন দেখা দেয়। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলার কয়েকদিন পরে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। নবান্নে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণা করেন। সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী লকডাউন করতে অনেক দেরি করেছে। পাশের রাজ্য ওড়িশা, ঝাড়খন্ড অনেক আগেই লকডাউন করেছে। মুখ্যমন্ত্রী তোষণ নীতি থেকে বার হতে পারছেন না। তাই বিশেষ ধর্মের উৎসবকে লকডাউনের থেকে ছাড় দিতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের জন্য তিনি অপেক্ষা করছিলেন। সেই ধর্মের ধর্মীয় উৎসব মিটতেই লকডাউন করেছে রাজ্য। যার ফল এখন ভুগতে হচ্ছে বাংলার মানুষকে বলে জনান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে বেলাগাম সংক্রমণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নীতি দায়ী। সঠিক সময়ে লকডাউন করলে মৃত্যুর সংখ্যা অনেক কম হতে পারত। কম হতে পারত আক্রান্তের সংখ্যা।

