সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ অক্টোবর: বিজেপির এক বুথ সভাপতির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁশ ও লোহার রড দিয়ে মেরে তাঁকে আহত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তিনি নন, তাঁর সঙ্গে থাকা আরও এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বৈকারা এলাকায়। আহতরা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত বিজেপি নেতা কর্মীর নাম অক্ষয় দেবনাথ ও বিশ্বজিত দত্ত।
তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপি নেতারাই আমাদের কর্মীদের উপর হামলা করেছে।

বিজেপি নেতা কর্মীরা অভিযোগ জানাতে থানায় গেলে, অভিযোগ নিতে অস্বীকার করে গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় গাইঘাটা থানার পুলিশ বিজেপির এক কর্মীকে গ্রেফতার করেছে বলে খবর।
বিজেপির গাইঘাটা দক্ষিণ মন্ডল সভাপতি বিশ্বজিত ঘোষের অভিযোগ, এদিন রাত সাড়ে ১২টা নাগাদ বৈকারা অঞ্চলের বুথ সভাপতি অক্ষয় দেবনাথ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় মদপ্য অবস্থায় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অক্ষয়বাবুর উপরে বাঁশ ও লোহার রড দিয়ে চড়াও হয়। তাঁকে বাঁচাতে ছুটে আসে বিজেপি কর্মী বিশ্বজিৎ দত্ত। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিশ্বজিৎ ঘোষ বলেন, তৃণমূলের নেতারা ঘটনাকে ধামা চাপা দিতে আহত বিজেপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করে ফাঁসানোর চেষ্টা করছে। অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে মূল অভিযুক্তদের গ্রেফতার করুক পুলিশ।
অন্য দিকে তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, রাতেই খবর পেয়েছি আমাদের তিন কর্মীকে বিজেপির নেতরা মারধর করেছে। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। পুলিশ পুলিশের কাজ করবে।

