অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ অক্টোবর: ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি যাওয়ার রাস্তায় শুকনাবাঁধ এলাকার রাস্তার উপর দুটি সুটকেস পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। যার জেরে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সুটকেস দুটি দেখতে পেয়েই ফোন করে ঝাড়গ্রাম থানার পুলিশকে বিষয়টি জানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। সেই সঙ্গে ঝাড়গ্রামের চন্দ্রি বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এরপর ঘটনাস্থলে এসে পৌছায় বোম স্কোয়াডের প্রতিনিধি দল। ওই দু’টি সুটকেসে কী রয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে বোম স্কোয়াডের প্রতিনিধি দলের সদস্যরা। এলাকায় তীব্র চাঞ্চল্য।


