প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৯ এপ্রিল:
বীজপুরে নির্বাচনী সভা করতে এসে মুখ্যমন্ত্রীকে অপদার্থ, অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের সমর্থনে প্রচার করেন।
সোমবার ছিল ষষ্ঠ দফা নির্বাচনের শেষ প্রচার। সব দলের সব প্রার্থীরাই কোমর বেধে নেমেছিলেন শেষ বেলার প্রচারে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমবার বিকেলে বীজপুরে বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের হয়ে প্রচার করে গেলেন। বীজপুরে মুকুল পুত্র বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের সমর্থনে প্রচার করতে এসে মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে অপদার্থ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী বলেন, “স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি অযোগ্য, অপদার্থ, আপনার নীল সাদা রং করা হাসপাতালগুলোতে কিছু নেই। তাই তো আপনার পায়ে লাগবার পরও আপনি কলকাতায় চলে এলেন এক্সরে করাতে। কারন আপনি জানতেন আপনার সুপার স্পেশালিটি হাসপাতালে এক্সরে মেশিনও নেই।”
তিনি বলেন, “পিসি–ভাইপো তো রেনকোট’কে পিপিই কিট বলে রাজ্যের ডাক্তারদের পরিয়ে ছিলো, তাই এই তৃণমূলের সরকারকে আর একটাও ভোট দেবেন না।” এদিনের এই প্রচারের শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

