পুরুলিয়ায় ভারত মায়ের প্রতিমা গড়ে পুজোর আয়োজন বিজেপি নেতার

সাথী দাস, পুরুলিয়া, ১৩ আগস্ট: ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে পুরুলিয়ায় ভারত মায়ের পুজোর আয়োজন করল বিজেপি। পুরুলিয়া শহরের সরকার পাড়ায় দলীয় কার্যালয়ে পুজোর আয়োজন হয়। জেলা বিজেপির সহ সভাপতি গৌতম রায়ের উদ্যোগে মূলত মূর্তি এনে পূজো হচ্ছে। আজ রাতে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্য নেতৃত্ব।

উদ্বোধনের পরই স্থানীয়দের জাতীয় পতাকা বিতরণ করা হয়। উদ্যোক্তা গৌতম রায় বলেন, “তৃণমূল যেভাবে রাজনীতিকে কলুষিত করছে, দুর্গাপূজা বিসর্জন বন্ধ করেছিল, আমরা তাই মা কালী মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে ভারত মায়ের পুজো করছি। এছাড়া সবার মঙ্গল কামনা করছি মায়ের কাছে।”

ভারত মায়ের পূজো এইভাবে প্রতিমা গড়ে আগে পুরুলিয়া জেলায় করেনি বলে জানান প্রবীণ বিজেপি নেতারা। এটা জনমানসে সুপ্রভাব পড়বে বলে বিশ্বাস তাঁদের। একটা সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে উঠবে বলে দাবি ওই নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *