সাথী দাস, পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি: পুরনিগমের নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সরব হল বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের পরই পুরুলিয়ায় শাসক দল তৃণমূল ও পুলিশকে তুলোধনা করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তারা। পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও দলের সাংগঠনিক নেতৃত্বকে সামনে রেখে বিক্ষোভে সামিল হন জেলা নেতা-নেত্রীরা।

বিক্ষোভরত বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “পুরনিগম নির্বাচনের সন্ত্রাস করেছে তৃণমূল। আমরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি। যৌথভাবে সন্ত্রাসের সৃষ্টি করে সাফল্য পেল তৃণমূল। পুরুলিয়াতেও এটা হবে বলে আশঙ্কা রয়েছে।”

এদিন দলের স্থানীয় পুরসভার প্রার্থীদেরও কর্মসূচিতে দেখা গিয়েছে। ছিলেন পুরুলিয়া, আসানসোল সহ তিন সাংগঠনিক জেলার পর্যবেক্ষক বিদ্যাসাগর চক্রবর্তীও।

