সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ ফেব্রুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে পাথর-বোঝাই একটি লরি ধাক্কা মেরেছিল পথচলতি একটি সাইকেলে। আর তাতেই লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন ওই সাইকেলের আরোহী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মতিগঞ্জ মোড় এলাকায়। এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখর মন্ডল (৫৮)।
স্থানীয়রা জানিয়েছেন, বনগাঁ থেকে সাইকেলে করে পেট্রোলের দিকে যাচ্ছিল ওই ব্যক্তি। মতিগঞ্জ এলাকায় পেট্রাপোল থেকে বনগাঁগামী একটি লরির চাকায় চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বনগাঁ কালিয়ানি খেদাপাড়ার বাসিন্দা। নতুনগ্রামে তাঁর মেয়ের বাড়ি যাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় সারা দিনই লরিগুলি বেপরোয়া ভাবে চলাচল করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসনের কাছে এ বিষয়ে নালিশ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।

