বিজেপি একমাত্র পার্টি যার ডিসিপ্লিন আছে, আগুনে ঝাঁপ দিতে বললেও রাজি আছি, বললেন শুভেন্দু অধিকারী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ সেপ্টেম্বর:
স্বাস্থ্য সাথী কার্ড এই রাজ্য ছাড়া কোথাও চলে না, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডের সুবিধা সারা দেশের মানুষ পাচ্ছেন। বিজেপি একমাত্র পার্টি যার ডিসিপ্লিন আছে, আমি মন থেকে বিজেপি দলটা করি, আগুনে ঝাঁপ দিতে বললেও রাজি আছি। শিক্ষক দিবস উপলক্ষে নদীয়ার কল্যাণীতে এসে এই কথা বললেন বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী।

রবিবার সন্ধ্যায় কল্যাণীর বিজেপির তপশিলি মোর্চার পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় একটি দল, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষামন্ত্রীত্ব ছেড়ে কাশ্মীরে গিয়ে শ্রীনগরে পতাকা তুলে আত্মবলিদান দিয়েছে বলেই আমি আপনি শান্তিতে আছি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত এ রাজ্যের সাধারণ মানুষ। স্বাস্থ্যসাথী আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৈরী করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে বলছে, আর্থিক সহযোগিতা করবে। যে রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, শিক্ষাব্যবস্থা উচ্ছন্নে গেছে সেই সরকার নাকি ২০২৪ এর লোকসভা ইলেকশনে ক্ষমতায় এসে দেশ চালাবে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। জীবনে কোনওদিন বাস্তবায়িত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *