BJP, Bangaon, বিজেপি প্রার্থী স্বপন মজুমদার- এর গাড়িতে হামলা, উত্তেজনা বনগাঁয়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ এপ্রিল: বনগাঁ মহকুমায় নির্বাচনী উত্তাপের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চৈতি পাড়া এলাকায়।

এদিন রাত সাড়ে ১২টা নাগাদ তিনি নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এতে গাড়ির এক পাশ ভেঙ্গে যায় এবং সামান্য ক্ষতিগ্রস্ত হন প্রার্থী নিজেও। যদিও বড়সড় আঘাত এড়িয়েছেন বলে জানা গিয়েছে। সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। স্বপন মজুমদার বলেন, পরিকল্পিতভাবে আমার উপর আঘাত হানার জন্যই এই হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *