Section 163, Eaat Midnapur, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ১৬৩ (পূর্বে ১৪৪) ধারা জারি, বুথের ১০০ মিটারে নো এন্ট্রি, সিল ওড়িশা সীমান্ত

আমাদের ভারত, ২১ এপ্রিল: বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুর জেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল জেলা প্রশাসন। অশান্তি আটকে ও অবাধ ভোট নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধে ছ’টা থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকায়, পুরো জেলায় ১৬৩ ধারা জারি করা হয়েছে, পূর্বে যা ১৪৪ ধারা ছিল। জেলা শাসকের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, এই সময়ের মধ্যে নিয়ম ভাঙলে জেল ও জরিমানার মুখে পড়তে হতে পারে।

কোনো ধরনের জনসভা, মিছিল, পথসভা ও রাজনৈতিক জমায়েত করা যাবে না। এমনকি সোশ্যাল মিডিয়া টিভিতেও কোনো প্রচার চালানো যাবে না।

বহিরাগতদের জেলা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই জেলার ভোটার নন অথচ রাজনৈতিক প্রচারে এসেছিলেন তাদের অবিলম্বে জেলা ছাড়তে হবে। কোনো গেস্ট হাউস বা লজে রাজনৈতিক কর্মীদের থাকা নিষিদ্ধ।

ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোট ও নির্বাচনী কর্মী ছাড়া কারোর প্রবেশাধিকার থাকবে না। কোনো জটলা বা প্রচার চালানো যাবে না।

অস্ত্র বহন, বাজি ফাটানো, প্ররোচনামূলক বক্তব্য রাখা সম্পূর্ণ দন্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

ভোটের আগে ওড়িশা থেকে যাতে কোনো দুষ্কৃতি বা প্রভাব সৃষ্টিকারী কেউ জেলায় ঢুকতে না পারে তার জন্য আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সীমান্তে নাকা চেকিং বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী লরির ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।

ভোটের দিন, ভোট কেন্দ্রের ভেতর বা আশপাশে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ভোটের গোপনীয়তা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রটোকল মেনে ফোন ব্যবহার করতে পারবেন।

পূর্ব মেদিনীপুরের স্পর্শকাতর বুথগুলিতে সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য জেলা জুড়ে এই মুহূর্তে টান টান উত্তেজনা অনুভূত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *