জে মাহাতো, আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি:
রবিবাসরীয় প্রচারে সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন খড়্গপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে প্রথম থেকেই তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেছেন এবং এলাকার বিধায়ক হিসাবে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
খড়্গপুরের বিধায়ক তথা ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বলেন, প্রচারে বেড়িয়ে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। স্বচ্ছ পৌর বোর্ড গঠনের লক্ষ্যে বিজেপি খড়্গপুরে এগিয়ে চলেছে। দলীয় কর্মী সমর্থকরা এলাকার নিকাশি ব্যবস্থা, পানীয় জল এবং খারাপ রাস্তা সহ বিভিন্ন সমস্যার কথা অবগত করান তাদের বিজেপি প্রার্থীকে।

এলাকার বাসিন্দারাও তারকা প্রার্থীকে তাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে প্রতিকার চেয়েছেন। উল্লেখ্য, এই ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা জহর পালকে। ফলে এই ওয়ার্ডে লড়াইটা সমানে সমানে হবে বলে মনে করছেন এলাকার নির্বাচকমণ্ডলী।

