জে মাহাতো, আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি:
পৌর নির্বাচনের আগে মেদিনীপুরে বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরলো। শহরের ২৫টি ওয়ার্ড থেকে বিজেপির জেলা সহ সভাপতি তথা মুকুল রায় অনুগামী শিবু পানিগ্ৰাহীর নেতৃত্বে বিজেপি ছেড়ে শতাধিক নেতা, কর্মী, সমর্থক ও তাদের পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। নির্বাচনের আগে কর্মী সমর্থকদের দলত্যাগের এই ঘটনায় মেদিনীপুর পৌর এলাকায় বিজেপির শক্তি অনেকটাই ক্ষুন্ন হল এবং যার প্রভাব সরাসরি ভোট বাক্সে প্রতিফলিত হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
একদিকে আজ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ মেদিনীপুর পৌর এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে যখন প্রচার চালিয়ে যাচ্ছেন তখন অন্যদিকে দলের নেতা কর্মীরা তৃণমূল জেলা কার্যালয়ে জেলা সভাপতি সুজয় হাজরা এবং শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। যা নিয়ে রবিবার শহরজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

